‘অর্থের বিনিময়ে লুটেরাদের ফেরানোর চেষ্টা সরকারের ক্ষতির কারণ হবে’
প্রকাশিত : ১৫:৩১, ১৭ আগস্ট ২০২৬
অর্থের বিনিময়ে লুটেরাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের জন্য ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে দলের অবস্থান তুলে ধরার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক। এভাবে জনদুর্ভোগ বাড়তে থাকলে বিরোধী দল নয়, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলে সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না।
তিনি আরও অভিযোগ করেন, দিল্লির ইন্ধনেই হাদী হত্যাসহ দেশের সার্বভৌমত্ব নষ্টের ষড়যন্ত্র চলছে। ভারত সফরে প্রধানমন্ত্রী না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় এবি পার্টি।
সংবাদ সম্মেলনে দলের আরেক শীর্ষ নেতা ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। একই সঙ্গে দলটির ৩১ দফার মধ্যে প্রায় ১১টি দফা লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরে এস আলমের মতো দুর্বৃত্তদের আশ্রয় দেয়া হচ্ছে। স্থানীয় সরকার, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সেক্টরে নিজেদের লোকদের পদায়ন করে রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে ওয়াদা করা হয়েছিল, তা থেকে সরে যাওয়া হচ্ছে।
তিনি আরও দাবি করেন, গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাজা দেয়ার বিধান তৈরি করেছে বিএনপি। এ পরিস্থিতি আওয়ামী লীগের করা আইনের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন










