ঢাকা, মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬

আসন্ন স্থানীয় নির্বাচন: ভোটার তালিকা সংশোধনকারী ১৫০ কর্মকর্তা নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:০৭, ২৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের ৬৪টি জেলা এবং ক্যান্টনমেন্ট এলাকাগুলোর জন্য মোট ১৫০ জন কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটার তালিকা আইন-২০০৯ এর ১১ ধারা মোতাবেক এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্মগ্রহণকারী যেসব নাগরিক ২০২৬ সালের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডাটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের অন্তর্ভুক্ত করে তালিকা চূড়ান্ত করা হবে। এই খসড়া তালিকার ওপর কোনো দাবি (ফরম-৬), আপত্তি (ফরম-৭) ও সংশোধন (ফরম-৮) সংক্রান্ত আবেদন নিষ্পত্তির উদ্দেশ্যেই এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটাররা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। এরপর আগামী ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই খসড়া তালিকার ওপর আসা দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে, তারাই কেবল আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি মাস থেকে মোট পাঁচটি ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।প্রথম ধাপ: ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ: ১৩ মে, পঞ্চম ও শেষ ধাপ: ২৭ মে।

এই পাঁচ ধাপের নির্বাচনের বিস্তারিত তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা পর্যায়ক্রমে ঘোষণা করবেন।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি