উত্তাপের পর নীরব ঠাকুরগাঁও, উপনির্বাচনে ভোটগ্রহণ কাল
প্রকাশিত : ১০:১০, ২৮ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। মাইকের আওয়াজ নেই, নেই মিছিল কিংবা সভা-সমাবেশ। নির্বাচনী উত্তাপের পর এখন অনেকটাই নীরব ঠাকুরগাঁও। আগামীকাল ২৯ অক্টোবর ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্ধারিত হবে এই আসনের জনপ্রতিনিধি।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। শেষ হয়েছে প্রার্থীদের মাইকিং, মিছিল, সভা-সমাবেশসহ নির্বাচনী প্রচার কার্যক্রম। কয়েক দিনের ব্যস্ততা আর স্লোগানে মুখর নির্বাচনী এলাকায় এখন বিরাজ করছে নীরবতা।
প্রার্থীদের প্রচার শেষ, এখন ভোটের দিনের অপেক্ষায় ভোটার ও রাজনৈতিক নেতাকর্মীরা। আগামীকাল ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে শুরু হওয়ার কথা ভোটগ্রহণ।
ঠাকুরগাঁও সদর, নবগঠিত ভূল্লী ও রুহিয়া উপজেলা এলাকার সমন্বয়ে গঠিত এই আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা। মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
ভোটগ্রহণের জন্য আসনটিতে প্রস্তুত করা হয়েছে ১৮৫টি ভোটকেন্দ্র। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। ভোটের ফলাফল যাঁর পক্ষেই যাক, তা মেনে নেওয়ার প্রত্যাশা প্রশাসনের।
সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন সম্ভব বলে মনে করেন পুলিশ সুপার।
ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপদ উপস্থিতি নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া।
প্রচার-প্রচারণার উত্তাপ পেরিয়ে এখন অপেক্ষা ভোটের। আগামীকাল ২৯ অক্টোবর নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এই আসনের ভোটাররা।
এখন দেখার বিষয়, নির্বাচনের দিন কতটা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাঁরা এবং ভোটের রায়ে শেষ পর্যন্ত কে হন বিজয়ী।
এএইচ
আরও পড়ুন










