ঢাকা, বুধবার   ২৮ অক্টোবর ২০২৬

অভিনেতা ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশ স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ২৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বলিউড অভিনেতা ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশের কার্যকারিতা স্থগিত করেছেন বোম্বে হাইকোর্ট। ফলে আপাতত ভারত ছাড়তে হচ্ছে না মার্কিন নাগরিক এই অভিনেতাকে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। 

মামলার পরবর্তী শুনানি আগামী ২ নভেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং পরবর্তী শুনানি পর্যন্ত ইমরানের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দেন। 

এরপর আদালত বিতর্কিত নির্দেশটির কার্যকারিতা স্থগিত রেখে শুনানি মুলতবি করেন।

এর আগে গত ১৫ অক্টোবর মুম্বাইয়ের বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তর (এফআরআরও) অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ জারি করা হয়। 

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ তাঁকে আটক করেছিল।

ইমরান খান তাঁর বিরুদ্ধে জারি করা নির্দেশকে ‘স্বেচ্ছাচারী ও বেআইনি’ দাবি করে ১৭ অক্টোবর বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, কোন আইনি বিধান লঙ্ঘনের কারণে তাঁকে ভারত ছাড়তে বলা হয়েছে, তা নির্দেশে স্পষ্ট করা হয়নি। এমনকি আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগও দেওয়া হয়নি বলে তাঁর আবেদনে উল্লেখ করা হয়।

মার্কিন নাগরিক ইমরানের ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। তাঁর দাবি, দুই বছর বয়স থেকে তিনি ভারতে বসবাস করছেন এবং তাঁর পরিবার, শিক্ষা ও পেশাগত জীবনের সঙ্গে দেশটির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

তবে আদালতের এই আদেশে আপাতত স্বস্তি পেলেও ইমরানের ভারতে থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আগামী ২ নভেম্বরের শুনানিতে মামলার পরবর্তী অগ্রগতি জানা যাবে।

ঐ.মিষ্টি //


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি