এক দিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
প্রকাশিত : ১৯:১৪, ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ১৩৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানিয়েছেন, গত একদিনে খুলনা বিভাগে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন করে মোট ৪ জনের প্রাণহানি হয়েছে।
এদিকে গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৩২৭ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২৮৪ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ২০২, বরিশাল বিভাগে ১৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫১, রাজশাহী বিভাগে ১২২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১, ময়মনসিংহ বিভাগে ৮০, রংপুর বিভাগে ৫৪ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৭১ জন মারা গেছেন।
এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ২৫ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১৪, বরিশাল বিভাগে ১২, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
এমএইচ










