ঢাকা, সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় কিশোরগ্যাংবিরোধী অভিযানে তিন দফায় আটক ১২৯৩

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কুমিল্লায় কিশোরগ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে গেল রাতে ৪১৫ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে সাম্প্রতিক তিন দফা অভিযানে মোট ১ হাজার ২৯৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান সরাসরি অভিযানটি পরিচালনা করেন।

পুলিশ জানায়, কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন বিভিন্ন স্থান ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।

এর আগে কিশোরগ্যাংবিরোধী পৃথক দুই অভিযানে ৬২৪ ও ২৫৪ জনকে আটক করা হয়েছিল। সর্বশেষ ৪১৫ জনসহ তিন দফায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ জনে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি