গাজীপুরের দুই মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি
প্রকাশিত : ১০:৪৬, ২৫ নভেম্বর ২০২৬
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও ঘোষিত মজুরি মানছেন না শ্রমিকেরা। এ দাবিতে গাজীপুরে বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
বুধবার সকালে গাজীপুরের নাওজোড়, ভোগড়া, চান্দনা চৌরাস্তা, ছয়দানাসহ বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকার বিভিন্ন অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে ২০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের নাওজোর এলাকায় সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে ছয়দানা এলাকায় শ্রমিকেরা অবরোধ সৃষ্টি করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুই মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল থেকে একাধিক এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। কয়েকটি এলাকায় টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল ধীরগতি রয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে আজকের জন্য ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










