ঢাকা, বুধবার   ২৫ নভেম্বর ২০২৬

কমলো স্বর্ণের দাম, ভরি কত?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ২৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশের বাজারে টানা দুই দফা দাম বাড়ার পর স্বর্ণের দাম কমলো। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। 

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।

আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরির দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের এক ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ভালো মানের স্বর্ণের দাম বাড়ানো হয় ১ হাজার ৫৭৫ টাকা। তার আগে ২৩ নভেম্বর বাড়ানো হয় ৩ হাজার ১৪৯ টাকা। দুই দফা দাম বাড়ানোর পর এখন আবার দাম কমানো হলো।


এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি