চট্টগ্রামে লরির চাপায় বাসের ৫ যাত্রী নিহত
প্রকাশিত : ০৯:০৩, ২৭ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিকল বাস মেরামতকালে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর একটি দ্রুতগতির লরি উঠে গিয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লরির চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু ঘটে।
নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ৬ বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি ৩ জনের পরিচয় শনাক্ত কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে বাসযোগে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল তারা। কুমিরা এলাকায় এলে বাসটিতে ত্রুটি দেখা দিলে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির লরি এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে আনলে আরো ২ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










