ঢাকা, রবিবার   ২৫ অক্টোবর ২০২৬

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন ওবামা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ২৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন তিনি।

শনিবার ওহাইও ও মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অযোগ্যতার’ অভিযোগ তোলেন।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থনে এসব সমাবেশে বক্তব্য দেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুটি কক্ষের একটি বা উভয়ের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে ডেমোক্র্যাটিক পার্টি। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষই ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।

ডেমোক্র্যাটদের সমর্থকদের মধ্যে ওবামার এখনো উল্লেখযোগ্য জনপ্রিয়তা রয়েছে। দলের প্রার্থীদের পক্ষে জনসমর্থন বাড়াতে সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন সাবেক এই প্রেসিডেন্ট।

দুই অঙ্গরাজ্যেই ৬৫ বছর বয়সী ওবামা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে এটি ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

ওহাইওতে সাবেক ডেমোক্র্যাট সিনেটর শেরড ব্রাউনের সমর্থনে আয়োজিত সমাবেশে ওবামা বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন, যা কেউই চাননি।’

ওহাইওর ক্লিভল্যান্ডে সমাবেশে ওবামা বলেন, ‘আধুনিক যুগে আগে কখনো দেখা যায়নি—এমন বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অযোগ্যতার দুই বছর পর এখন আপনাদের সামনে বলার সুযোগ এসেছে, ‘অনেক হয়েছে, আর নয়।’

তিনি বলেন, ‘এখানে, ওহাইওতে আমরা পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছি।’

পরে মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদের পক্ষে প্রচারে অংশ নেন ওবামা। ডেমোক্র্যাটিক পার্টির বামপন্থী অংশের এই প্রার্থী যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছেন।

মিশিগানের বর্তমান ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিনের প্রসঙ্গ টেনে ওবামা বলেন, ‘আবদুল ও এলিসার জুটি কতটা শক্তিশালী হতে পারে, একবার ভাবুন।’

তিনি আরও বলেন, ‘আপনাদের জন্য যুক্তরাষ্ট্রের সিনেটে একজন মুসলিম পুরুষ ও একজন ইহুদি নারী লড়ছেন। মিশিগান, এটি এমন একটি বিষয়, যা নিয়ে আপনারা গর্ব করতে পারেন।’

দুই অঙ্গরাজ্যেই আগাম ভোট গ্রহণ শুরু হওয়ায় ভোটারদের যত দ্রুত সম্ভব ভোট দেওয়ার আহ্বান জানান ওবামা।

তিনি বলেন, ‘ভোট দিতে দেরি করবেন না, সিদ্ধান্তহীনতায় ভুগবেন না।’

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ট্রাম্পের বিভিন্ন সংস্কার ও নির্মাণকাজ নিয়েও কটাক্ষ করেন ওবামা। এর মধ্যে রয়েছে ন্যাশনাল মলের রিফ্লেক্টিং পুলের সংস্কারকাজে ত্রুটি, হোয়াইট হাউসে বিশাল বলরুম নির্মাণ এবং দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে সোনালি রঙের জাঁকজমকপূর্ণ সাজসজ্জা যুক্ত করার উদ্যোগ।

জাতীয় পর্যায়ের জনমত জরিপগুলোতেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি