ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬

ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের হাটে আলোচনায় ‘নেতানিয়াহু’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৬, ১৪ মে ২০২৬ | আপডেট: ২০:১২, ১৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

‎নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার পশুর দামের পাশাপাশি আলোচনায় এসেছে তাদের বিচিত্র নামও। বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার একটি খামারে ‘নেতানিয়াহু’ নামের একটি বিশালাকৃতির মহিষ দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ।

‘এস এস ক্যাটেল ফার্ম’-এর এই অ্যালবিনো জাতের মহিষটির ওজন প্রায় ৭৬০ কেজি। গোলাপি গায়ের রং, বিশাল শরীর ও আক্রমণাত্মক আচরণের কারণে মহিষটির নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।

খামারে আসা দর্শনার্থীদের অনেকেই জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির নাম ও ছবি দেখে তারা সেটি দেখতে এসেছেন। কাছে গেলেই মহিষটি রাগান্বিত ভঙ্গিতে তাকায় এবং অনেক সময় শিং উঁচিয়ে তেড়ে আসে।

খামার সংশ্লিষ্টরা জানান, মহিষটির চুলের সিঁথি ও রাগী চাহনির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কিছুটা মিল খুঁজে পাওয়ায় দর্শনার্থীদের পরামর্শে এ নাম রাখা হয়েছে।

খামারের কর্মীরা জানান, মহিষটি সাধারণ পশুর তুলনায় বেশি চঞ্চল ও আক্রমণাত্মক। ফলে খাবার দেওয়া কিংবা পরিচর্যার সময় সতর্ক থাকতে হয়। নিরাপদ দূরত্ব বজায় রেখেই এর দেখভাল করা হয়।

খামার কর্তৃপক্ষ জানায়, মহিষটিকে নিয়মিত ঘাস, খড়, ভুসি ও ভুট্টাসহ পুষ্টিকর খাবার খাওয়ানো হয়।

এস এস ক্যাটেল ফার্মের ব্যবস্থাপক মেহেদি বলেন, “এবার আমাদের খামারে প্রায় ৬৫টি অ্যালবিনো মহিষ ছিল। এর মধ্যে বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। ‘নেতানিয়াহু’ এখনো বিক্রি হয়নি। ওজন অনুযায়ী প্রতি কেজি ৫৫০ টাকা দরে এর দাম চাওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “দূর-দূরান্ত থেকে মানুষ এই মহিষ দেখতে আসছেন। কোরবানির বাজারে এটি ভালো দামে বিক্রি হবে বলে আশা করছি।”

এর আগে নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারের ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে দ্রুত বিক্রি হয়ে যায়। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে ‘নেতানিয়াহু’।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি