ঢাকা, বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া সমন্বয় করা হলেও ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে লঞ্চের ভাড়া সমন্বয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। এ সময় ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বিষয়টি জানান।

শেখ রবিউল আলম বলেন, রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে রেল মন্ত্রণালয় থেকে চাপ রয়েছে। ভাড়া না বাড়ালে রেলের লোকসান আরও বাড়তে পারে। তবে গত ১০ বছর ধরে রেলের ভাড়া বাড়ানো হয়নি এবং সাধারণ মানুষের বিষয়টি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে রেলের ভাড়া বাড়ানোর জন্য চাপ রয়েছে। এতে লোকসান কমানোর সুযোগ তৈরি হতে পারে। তারপরও এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিদ্যমান ভাড়া যাতে বহাল রাখা যায়, সে চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ‘সর্বোচ্চ চেষ্টা করছি রেলের ভাড়া না বাড়াতে। যদি কোনো পর্যায়ে ভাড়া বাড়াতেই হয়, তাহলে তা যৌক্তিকভাবে বাড়ানো হবে। তবে এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি।’

লঞ্চের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নৌযান পরিচালনা ও ব্যবস্থাপনা ব্যয় বেড়ে যাওয়ায় মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া লঞ্চের সর্বনিম্ন ভাড়াও ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

ভাড়া বাড়ানোর বিষয়ে শেখ রবিউল আলম বলেন, ভাড়া বৃদ্ধি সরকারের কাম্য নয়। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন খাতে এর প্রভাব পড়েছে। জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই ভাড়া সমন্বয় করা হয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের স্বেচ্ছাচারিতা করার সুযোগ দেওয়া হবে না।

এদিকে সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সিএনজির দাম বাড়েনি। তাই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরও বলেন, কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করছে—এমন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি