দুর্নীতির সঙ্গে জড়িত সব অপরাধীর বিচার হবে : নাহিদ ইসলাম
প্রকাশিত : ২২:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬
দেশবাসী সরকার গঠনের দায়িত্ব দিলে বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সব অপরাধীকে শনাক্ত করা হবে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
ভাষণে নাহিদ ইসলাম বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রণীত শ্বেতপত্রের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মদদপুষ্ট আওয়ামী ব্যবসায়ী ও আমলারা এই অর্থ বিদেশে সরিয়ে নিয়েছেন, যা দেশের অর্থনীতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই বিপুল অর্থ উদ্ধারের কথা বললেও অবহেলা ও অজ্ঞতার কারণে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সাফল্য আসেনি। ফ্যাসিবাদী আমলের সুবিধাভোগী কিছু শীর্ষ আমলা ও তথাকথিত বিশেষজ্ঞদের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের কারণেই রাষ্ট্রীয় সম্পদ পুনরুদ্ধার ব্যাহত হচ্ছে।
প্রবাসী নাগরিকদের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, প্রবাসে থাকা বাংলাদেশিদের সমস্যা সমাধান ও দ্রুত সেবা নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ মিশন স্থাপন এবং কূটনীতিকের সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে সম্ভাবনাময় সব দেশে নামমাত্র খরচে জনবল রপ্তানি এবং প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে দেশের সব ১৮ ঊর্ধ্ব সক্ষম তরুণ-তরুণীর জন্য বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং চালু করা হবে। এর মাধ্যমে দেশব্যাপী জনভিত্তিক একটি গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।
কৃষি ও বাজার ব্যবস্থাপনা নিয়ে নাহিদ ইসলাম বলেন, কৃষকরা যেন কোনো ধরনের চাঁদা বা তোলা ছাড়াই তাদের কৃষিপণ্য বিক্রি করতে পারেন এবং পাইকারি ব্যবসায়ীদেরও কোথাও কোনো অর্থ দিতে না হয়—সরকার তা নিশ্চিত করবে। এতে বাজারে কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি বলেন, চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের কারণে সারা দেশে সাধারণ মানুষ অযৌক্তিকভাবে বেশি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে ন্যায্যমূল্যের বাজার ব্যবস্থা গড়ে তোলা হবে এবং ওএমএস কর্মসূচি সম্প্রসারণ করা হবে, যাতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ স্বল্পমূল্যে পণ্য কিনতে পারে।
এছাড়াও নাহিদ ইসলাম তরুণদের জন্য আধুনিক ও সৃজনশীল কর্মসংস্থান, বৈষম্যহীন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা, সবার জন্য সুলভ ও মানসম্মত চিকিৎসাসেবা, ডিজিটাল নিরাপত্তা ও অবাধ তথ্যপ্রবাহ, সাংস্কৃতিক জাগরণ, ধর্মীয় সম্প্রীতি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
এমআর//
আরও পড়ুন










