পহেলা জানুয়ারি খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)র ১১২তম ওরশ শুরু
প্রকাশিত : ১৪:৫৮, ১০ নভেম্বর ২০২৬
উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সিরাজগঞ্জের হযরত শাহ্ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ)র ১১২তম বাৎসরিক ওরশ আগামী পহেলা জানুয়ারি হতে শুরু হবে। ৩ দিনব্যাপী দেশের বৃহৎ এ ওরশ শরীফের ইসলামী মহাসমাবেশের ৩ জানুয়ারি সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর, ২০২৬ইং) সকালে পবিত্র মাজার জিয়ারতের পরে দরবার শরীফে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে সাজ্জাদানশীন হুজুরপাক হযরত খাজা গোলাম মেহেদী বাৎসরিক ওরশ শরীফের দিন ঘোষণা করেন।
এ সংশ্লিষ্ট চিঠি তিনি ভারত-বাংলায় প্রতিষ্ঠিত দরবারের ১২ শতাধীক খানকার প্রতিনিধিগণসহ দেশের প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন হতে আগত জাকের প্রধানদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।
এসময় সাজ্জাদানশীন হুজুর খাজা গোলাম মেহেদী সকলকে ইসলামের নীতি আদর্শ অনুযায়ী জীবন পরিচালনাসহ দেশপ্রেমে মানবিকতা নিয়ে চলার আহবান জানান।
তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর গড়া ইসলামের আলোর পথ একইভাবে আমাদের খাজা পীর ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) মানুষকে চলতে উদ্বুদ্ধ করছেন। তিনি পরিপূর্ণ জীবন কাঠামোয় আল্লাহপাকের সন্তুষ্টি আনতে অপরের কল্যাণে শামিল হবার পাশাপাশি অল্প আহার, অল্প নিদ্রার মধ্যে দিয়ে আদব, বুদ্ধি, সাহস, মহব্বতের চর্চা অনুসরণ করতে বলেছেন। আমাদের মোজাদ্দেদিয়া তরিকার সেই বাণী বাংলা-ভারতের খেলাফতপ্রাপ্ত পীর আউলিয়া ও কোটি কোটি অনুসারীরা বিশ্বব্যাপী প্রচার করে যাচ্ছেন। আমরা বাংলাদেশসহ শান্তিময় বিশ্ব প্রত্যাশা করি, যেখানে মানবতার সম মর্যাদা আলোকিত হয়। সেই পথধারায় আমাদের সবাইকে চলতে হবে।
এ সময় খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর আওলাদগন, খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এবং হাসপাতালের ট্রাষ্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। এর আগে বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
এএইচ
আরও পড়ুন










