ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬

পাকিস্তানের ৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, হতে পারে গণভোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনিক কাজ সহজ করার লক্ষ্যে পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ ভেঙে মোট ১২টি নতুন প্রদেশ গঠনের একটি বড় পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এই পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্তের আগে জনগণের মতামত যাচাই করতে দেশব্যাপী গণভোট আয়োজনের কথা ভাবছে সরকার।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত এই প্রশাসনিক সংস্কারের জন্য আগামী ২০২৭ সালের প্রথমার্ধে ২৮তম সংবিধান সংশোধনী সংসদে উত্থাপিত হতে পারে। এর আগে ওই বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) থেকেই এর প্রাথমিক প্রস্তুতি শুরু করার পরিকল্পনা রয়েছে।

নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশটির সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবকে ভেঙে ৪টি নতুন প্রদেশ করা হবে। এছাড়া খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানকে ৩টি করে এবং সিন্ধ প্রদেশকে ২টি প্রদেশে রূপান্তর করার খসড়া তৈরি করা হয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং নতুন প্রদেশগুলোর নির্দিষ্ট সীমানা বা কাঠামো কেমন হবে, তা চূড়ান্ত হয়নি। কোনো নির্দিষ্ট অঞ্চল বা রাজনৈতিক দলকে কোণঠাসা করার জন্য এটি করা হচ্ছে না। মূলত দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলানো, সব অঞ্চলে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য।

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের ইস্যুটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে দীর্ঘদিনের বিভেদ রয়েছে। রাজনৈতিক দরকষাকষি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে সরাসরি জনগণের রায় নিতেই তাই সংসদীয় আলোচনার আগে গণভোটের পথ বেছে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

অবশ্য গণভোটে জনসাধারণের সবুজ সংকেত মিললেও তা বাস্তবায়ন করা বেশ জটিল হবে। নতুন প্রদেশগুলোর সীমানা নির্ধারণ, সম্পদ বণ্টন এবং প্রশাসনিক ক্ষমতা ভাগাভাগির মতো জটিল কাজগুলো সম্পন্ন করতে দেশের সব রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক সমঝোতা ও দীর্ঘ সংসদীয় আলোচনার প্রয়োজন হবে।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি