ঢাকা, শনিবার   ২১ নভেম্বর ২০২৬

পাবনায় বিএনপি-নিষিদ্ধ আ.লীগের মধ্যে সংঘর্ষ, টিয়ারশেল-রাবার বুলেট

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১২, ২১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। 

শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে বেড়া পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন আরটিভির স্থানীয় প্রতিনিধি। ভাঙচুর করা হয়েছে তাঁর ক্যামেরা।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির খড়ের পালায় আগুন দেওয়া হয়।

ওই ঘটনার জেরে শনিবার সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় বিক্ষোভ করেন। এর প্রতিবাদে বিএনপি নেতা-কর্মীরাও মিছিল বের করেন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল।

এর আগে বৃহস্পতিবার রাতেও বেড়ার হাতিগাড়া গ্রামের সঙ্গে শম্ভুপুরা ও ডাকবাংলা এলাকার মানুষের মধ্যে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি