ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

পাবনা থেকে প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে দলটির সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ বলছে, মাইক্রোবাসে করে এসে তারা শহরে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। 

পাবনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা শহরে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে। 

আব্দুল ওহাব ছাড়া আটক অন্যদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

এ নিয়ে ৫ আগস্টের পর তৃতীয়বারের মতো পুলিশের হাতে আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগরের মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন। 

ঘটনার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি আব্দুল ওহাবকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় ফেরেন। এরপর সুজানগরে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর চেষ্টা করেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়। 

এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৩ এপ্রিল দিবাগত রাতে মথুরাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে আব্দুল ওহাবসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করা হয়। কয়েক সপ্তাহ পর তারা জামিনে মুক্তি পান।

এরপর আবারও মিছিলের প্রস্তুতিকালে আব্দুল ওহাবসহ তার সহযোগীদের আটকের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের মাঠপর্যায়ের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগে মামলা হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি