ঢাকা, রবিবার   ০১ নভেম্বর ২০২৬

বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালসকে ঋণ দিচ্ছে ডিইজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ২৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস্ লিমিটেডকে (বিবিএমএল) দীর্ঘ মেয়াদি এক কোটি ৫০ লাখ ডলার ঋণ সহায়তা দিচ্ছে জার্মান বিনিয়োগ ও উন্নয়ন সংস্থা ডিইজি। বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব, বৈদ্যুতিক পাখা’র নতুন প্রোডাকশন লাইন নির্মাণসহ প্রতিষ্ঠানটির সামগ্রিক উৎপাদন সক্ষমতা বাড়াতে এই ঋণ সহায়তা দেবে ডিইজি।

বুধবার রাজধানীর একটি হোটেলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও ডিইজি’র আঞ্চলিক পরিচালক জোসেন স্টেইনবুচ এ বিষয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, আমাদের পথচলায় সহযোগী হিসেবে ডিইজিকে পেয়ে আমরা আনন্দিত। তাদের এ সহায়তায় নতুন উৎপাদন লাইন নির্মাণ হলে সহজেই ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে পারবো। তিনি বলেন, বর্তমানে বিবিএমএল এর অধীনে কাজ করছে প্রায় চার হাজার কর্মী। এ বিনিয়োগের ফলে আরও ১৫শ’ মানুষের কর্মসংস্থান হবে বলে জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি