ঢাকা, মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ বাসে আগুন, আটক ১০

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩০, ১০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দশজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ দুইজন, সিংগাইর থানা পুলিশ একজন এবং দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করেছে।

পুলিশ সুপার জানান, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে দশজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি এবং ঘিওর বাসস্ট্যান্ডের সামনেও বিস্ফোরণ ঘটে।

এ ছাড়া সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধারাবাহিক এসব ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাশকতার ঘটনাগুলোর তদন্ত এবং জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি