ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, তাপমাত্রা নামল ১২.৪ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫২, ১৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর কনকনে ঠাণ্ডা, ভোরে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রাস্তা-ঘাট। সকাল গড়ালেও কাটছে না শীতের প্রকোপ। এরইমধ্যে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে। 

তেঁতুলিয়ায় আজ রেকর্ড হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

আবহাওয়া অফিস জানিয়েছে, এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 

এরআগে সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকাল বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রাতভর শীত ও ভোরের ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতে কাঁপছেন। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলেও চালকদের সতর্ক থাকতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠাণ্ডা হয়ে যায়। একপর্যায়ে তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এ কারণে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা দেয়।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও বৃহস্পতিবার তা নেমে এসেছে ১২ দশমিক ৪ ডিগ্রিতে। ডিসেম্বরের দিকে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি