রান্নার কষ্ট লাঘবে নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৫:১১, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:১৩, ২৭ এপ্রিল ২০২৬
নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ফ্যামিলি কার্ডের মতো মা-বোনেদের হাতে এলপিজি কার্ড পৌঁছে দেওয়ার। যেন রান্নাবান্নার কাজে তাদের আর কষ্ট করতে না হয়।’
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে একথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। এছাড়াও ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে। আগামী ৫ বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখার রাজনীতি।’
তারেক রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গঠনের পালা। আগামী দুই-চার মাসের মধ্যে বন্ধ হওয়া অনেক কল-কারখানা চালু করা হবে।’
এ সময় খাল খননে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে স্থানীয়দের আহ্বান জানানোর পাশাপাশি জনগণের কর্মসূচি যাতে কেউ ব্যাহত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জনগণের লুণ্ঠিত অর্থ জনগণকে ফেরত দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো মানুষ তার জবাব দেবে। এ সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি সরকার অক্ষরে অক্ষরে পালন করবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটিকে খনন করেছিলেন। আমরা চার কিলোমিটারের এই খাল পুনঃখনন করবো। এই খাল খনন করলে এলাকার মানুষ পানি পাবে। এতে প্রায় ২০ হাজারের বেশি কৃষক উপকৃত হবে। ১৪০০ টনের মতো খাদ্যশস্য উৎপাদন হবে। খালের পানিতে ৭২ হাজারের মতো মানুষ সরাসরি উপকৃত হবে। খাল খনন শেষ হলে এই খালের পাড়ে তিন হাজার বৃক্ষরোপণ করা হবে।
যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন প্রমুখ।
এএইচ
আরও পড়ুন










