ঢাকা, বুধবার   ০৭ অক্টোবর ২০২৬

রামেবি উপাচার্য ও পিএসকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক এবং তার একান্ত সহকারী ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর গুরুতর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর)‘আপামর ছাত্র-জনতা’পরিচয়ে একদল ব্যক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে এই ঘটনা ঘটায়। 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, একদল লোক মিছিল নিয়ে জোর করে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে। তারা উপাচার্যকে বিগত আওয়ামী লীগ সরকারের ‘দোসর’আখ্যা দেয় এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তুলে তার সাথে চরম দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এরপর তারা আগে থেকে লিখে আনা একটি পদত্যাগপত্রে উপাচার্যকে স্বাক্ষর করতে বাধ্য করে। উপাচার্যের পর সেকশন অফিসার ও পিএস নাজমুল হোসাইনের ওপর চড়াও হয় ওই দলটি। 

নাজমুল হোসাইন জানান, ঘটনার সময় উপাচার্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি অনলাইন বৈঠকে যুক্ত ছিলেন। আকস্মিক একদল লোক কক্ষে ঢুকে গালিগালাজ শুরু করে এবং উপাচার্যের সই নেওয়ার পর তাকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলে। তিনি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং পরবর্তীতে জোরপূর্বক তার কাছ থেকেও পদত্যাগপত্র লিখে নেওয়া হয়।

আক্রমণকারীরা শুধু পদত্যাগপত্রেই স্বাক্ষর নেয়নি, বরং উপাচার্যের কক্ষ থেকে কম্পিউটারের সিপিইউ এবং সিসিটিভি ক্যামেরার যাবতীয় যন্ত্রপাতি খুলে নিয়ে যায়। একই সাথে তারা পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং কর্মকর্তাদের কার্যালয় থেকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি