ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬

ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ও ফলপ্রকাশে নতুন নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

চলতি বছরে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশসংক্রান্ত সব কার্যক্রম আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

সম্প্রতি দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল প্রকাশের যাবতীয় কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

পাশাপাশি নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

ঐ.মিষ্টি/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি