ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬

সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩০, ৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 

রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। 

সংগ্রহ করা চালের মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে। প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার ২০২৬ এর প্রতিশ্রুতি অনুযায়ী, বর্তমান সরকারের লক্ষ্য হলো, বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে কৃষককেন্দ্রিক একটি আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্যে, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এই সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।

এফপিএমসি'র সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের মৌসুমে আমন ধান ৩ লক্ষ মেট্রিক টন, সিদ্ধ চাল ৫ লাখ মেট্রিক টন এবং আতপ চাল ৫০ হাজার মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন ধান কেজি ৩৫ টাকা এবং সিদ্ধ চালের কেজি ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা কেজি দরে কেনা হবে।

ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, আমন ধান সংগ্রহ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে আমন চাল সংগ্রহ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর তারিখ হতে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা প্রমুখ।

উল্লেখ্য, গত বছর সরকার প্রতি কেজি ৫০ টাকায় সিদ্ধ চাল, ৪৯ টাকায় আতপ চাল এবং ৩৪ টাকায় ধান কিনেছিল। সে বছর ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি