ঢাকা, রবিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচনে জামানত বৃদ্ধির প্রতিবাদে ইসিতে ভূমিহীন আন্দোলনের মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, প্রার্থীদের জামানত বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ জনগণ ও স্বল্প আয়ের মানুষের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বড় বাধা তৈরি করবে। প্রার্থী হওয়ার অধিকার যেন শুধু সচ্ছল ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অর্থনৈতিক কারণে ভূমিহীন, কৃষক, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর যোগ্য ব্যক্তিরা যাতে নির্বাচনে অংশগ্রহণ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। নির্বাচনব্যবস্থাকে আরও অংশগ্রহণমূলক ও জনবান্ধব করারও দাবি জানান তিনি।

কর্মসূচি থেকে জামানত বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের পর্যায়ে তা পুনর্নির্ধারণের দাবি জানানো হয়। সংগঠনটির প্রস্তাব অনুযায়ী, উপজেলা চেয়ারম্যান বা মেয়র পদে জামানত ১০ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার টাকা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৩ হাজার টাকা এবং ইউপি সদস্য পদে ১ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। মানববন্ধন শেষে নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের তথ্য ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান বিকাশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ, গণ সংস্কৃতি সংস্থার প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু, রাষ্ট্র অধ্যয়ন কেন্দ্রের বাবর চৌধুরী, ঢাকা জেলার সভাপতি লিটন কবিরাজ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী সদস্য আবুল হোসেন অমি প্রমুখ।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি