২০২৭ সালে এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী
প্রকাশিত : ১৬:১৬, ২ জুন ২০২৬
অংশীজনদের মতামতের ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি স্বাভাবিক করতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব আলোচনার ভিত্তিতে আগামী রমজানের আগেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় বেশ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে।
এহসানুল হক মিলন বলেন, নতুন সূচি অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না। সময়মতো পাঠ্যক্রম সম্পন্ন করা হবে এবং পরীক্ষার সার্বিক প্রস্তুতিও নিশ্চিত করা হবে। বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রীও অবগত রয়েছেন।
তবে পরীক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজন হলে সময়সূচি পুনরায় পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘রোজার কারণে একমাস এগিয়ে আসছে পরীক্ষা। আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারিতে শেষে করতে। তবে ৭ তারিখে শেষ হবে রোজার জন্য। না হলে রোজার পরে চলে যায়। এখন সবাই বলছে রোজার পরে শেষ করতে। আলোচনার মধ্য দিয়েই সব ঠিক হবে।’
এএইচ
আরও পড়ুন










