ঢাকা, রবিবার   ২২ নভেম্বর ২০২৬

৪৮ বছরে পদার্পণ, বর্ণিল সাজে সেজেছে ইবি

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৭, ২২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জন্মদিন আজ। প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে স্থাপিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে জ্বলে উঠেছে রংবেরঙের বাতি, শিল্পীর দক্ষ হাতের আল্পনায় সেজেছে পিচঢালা রাস্তাগুলো। 

লাল-নীল-সোনালি রঙের রঙিন আলোয় উজ্জ্বল হয়েছে বিশ্ববিদ্যালয় মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ডায়না চত্বর, প্রতিটি আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ।

সরেজমিনে দেখা যায়, ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই মেইন গেট, ডায়না চত্বর, প্রশাসন ভবন ও ভবনের সামনের চত্বর ও আবাসিক হলে জ্বলে ওঠে রংবেরঙের মরিচবাতি। বিভিন্ন স্থাপনার সামনে দাঁড়িয়ে সেলফি ও ছবি তুলতে ব্যস্ত শিক্ষার্থীসহ বেড়াতে আসা লোকজনেরা। বর্ণিল আলোয় উৎফুল্ল শিক্ষার্থীদের মন। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দেখা যায় দক্ষ হাতে আল্পনায় শেষ মুহহূর্তের আঁচড় দিতে।  চারদিকের এত এত আয়োজনের সব কিছুই যেন বলে দিচ্ছে, ১৭৫ একরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্মদিন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে বিভিন্ন বিভাগ, হল, অফিস ও ল্যাবরেটরি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা সমবেত হবেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা। সকাল ১০টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। 

এ সময় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের প্রতাকা উত্তোলন করা হবে৷ এছাড়া শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হবে।

জানা যায়, উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

আরও জানা যায়, আলোচনা শেষে উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় ফুটবল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হবে। এতে বিভিন্ন দপ্তর, বিভাগ, হল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেবে। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে। পরে ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদন করবেন সংশ্লিষ্টরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

এদিকে, ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ২১, ২২ ও ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, উপাচার্যের বাসভবন, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠিত আবাসিক সাদ্দাম হোসেন হল ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাহাত হোসেন বলেন, ‘আমি এত সুন্দরভাবে সজ্জিত ক্যাম্পাস আগে কখনো দেখিনি। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনে আমি খুবই আনন্দিত, বিমোহিত, বিমুগ্ধ ও আপ্লুত। বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনের সকলকে আমি অভিনন্দন জানাই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি