ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

আশুগঞ্জে নিরাপত্তাকর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) নিরাপত্তাকর্মী রাজেশ বিশ্বাস (২৩)-এর হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার শরিয়তনগরে নজরুল মেডিকেল ভবনের দ্বিতীয়তলা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। 

নিহত রাজেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার চান্দপুর এলাকার হীরুদ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের দুজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হলো, রুহুল আমিন ও নাহিদ মিয়া। ঘটনাতদন্তে ইতিমধ্যে পিবিআই ও সিআইডির একাধিক টিম তদন্ত শুরু করেছে।     
 
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষ করে রাতে ব্যাংকের ভিতরেই নিরাপত্তার দায়িত্বে ছিল রাজেশ। শনিবার রাতে ব্যাংকের একজন কর্মকর্তা এসে ভিতরে যাওয়ার জন্য দরজার ডাকাডাকি করেও কোন সাড়া পাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে ডুকে রাজেশের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ দেখতে পায়। এ সময় ব্যাংকের বিভিন্ন ড্রয়ার ভাঙ্গা ও জানালার গ্রিল কাটা পাওয়া যায়। 

তবে ব্যাংকের বোল্ট ভাঙ্গার চেষ্টা করলেও তা সুরক্ষিত আছে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের আরো দুইজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।    
   
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ  সুপার মো. আনিসুর রহমান। এ সময় সাংবাদিকদের তিনি জানান, ‘ব্যাংকের পিছনের একটি জানালার গ্রিল কাটা পাওয়া যায়। কি কারণে এবং কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি