আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত ৬
প্রকাশিত : ১২:০৯, ২১ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জামগড়া এলাকার প্রীতি গ্রুপের পাশে এফ এন্ড এফ নামের একটি তৈরি পোশাক কারখানার সামনের করিডোরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের ভাষ্য, সন্ধ্যার দিকে হঠাৎ পরপর কয়েকটি বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে জিরাবো ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নির্বাপন করে।
এর পরপরই কারখানা ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে পাঁচজনের পোড়া মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ভূইঁয়া।
এর আগে বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি কাপড়ের দোকানে গিয়ে পড়লে সেখানে থাকা জয়নাব বেগম নামের এক নারী নিহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল নামের আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।
নিহত নারীর নাম জয়নব বেগম (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী। বাকি পাঁচ জনের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।
ফায়ার সার্ভিসের ঢাকা-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি কাভার্ড ভ্যানের ভেতরে থাকা সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।
এএইচ
আরও পড়ুন










