ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

ইউক্রেনকে ড্রোন সরবরাহ: যুক্তরাজ্যকে চড়া মাশুলের হুঁশিয়ারি রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:২৮, ১৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ-নির্মিত ড্রোন ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের তীব্র সমালোচনা করেছে মস্কো। লন্ডনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ইউক্রেন সংকট তীব্র করার অভিযোগ তুলে রাশিয়া সতর্ক করে দিয়েছে যে, এই সংঘাত বাড়ানোর জন্য যুক্তরাজ্যকে চড়া মাশুল গুণতে হবে।

যুক্তরাজ্যে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনকে ড্রোন সরবরাহের মাধ্যমে যুক্তরাজ্য সরাসরি রক্তক্ষয়ী অপরাধ ও সন্ত্রাসী হামলার সহ-অপরাধী হিসেবে কাজ করছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, লন্ডনের এসব কর্মকাণ্ডের অনিবার্য পরিণতি ভোগ করতে হবে এবং তাদের এর জবাবদিহি করতে হবে। সংঘাতের মধ্যে ব্রিটেনের সম্পৃক্ততা যত গভীর হবে, তাদের তত চড়া মূল্য দিতে হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, রোস্তভ অঞ্চলের কামেনস্কি জেলার একটি জ্বালানি ডিপোসহ রাশিয়ার একাধিক সামরিক ও শিল্প স্থাপনায় হামলায় যুক্তরাজ্যের যন্ত্রাংশ ও প্রযুক্তি ব্যবহার করা ড্রোন কাজে লাগানো হয়েছে।

তবে রাশিয়ার এই হুঁশিয়ারির জবাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) এক মুখপাত্র বিবিসি নিউজকে জানান, ইউক্রেনের পাশে ব্রিটেন দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। ওই মুখপাত্র বলেন, পুতিনের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় ইউক্রেনের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ইউক্রেন ও মিত্রদের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় লন্ডনের সংকল্প নিয়ে মস্কোর কোনো সন্দেহের অবকাশ থাকা উচিত নয়।

সামরিক সূত্রের তথ্যানুযায়ী, দুটি ব্রিটিশ কোম্পানির তৈরি ড্রোন রাশিয়ার তেল শোধনাগার এবং 'রাশিয়ার অ্যামাজন' হিসেবে পরিচিত অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান 'ওয়াইল্ডবেরিজ'-এর গুদামে ব্যাপক হামলায় ব্যবহৃত হয়েছে। ইউক্রেনের দাবি, ওয়াইল্ডবেরিজ-এর ১০টি বৃহত্তম লজিস্টিক কেন্দ্রের ৭টিই অকার্যকর করা হয়েছে। এসব হামলায় ৩৫ বিলিয়ন পাউন্ডের বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাশিয়ার ওপর ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলা তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ হামলায় মস্কোর দিকে প্রায় ৬২০টি ড্রোন ছোঁড়া হয়, যার মধ্যে ১৮০টিরও বেশি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এর আগের রাতে শনিবার প্রায় ৮২২টি ড্রোন নিক্ষেপ করা হয়, যার মধ্যে ৬০০টির লক্ষ্য ছিল মস্কো। এটি সাম্প্রতিক সময়ে মস্কোয় অন্যতম ভয়াবহ ড্রোন হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়া বর্তমানে দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি