ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫
প্রকাশিত : ১০:৫৪, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:১০, ১৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
পূর্ব নুসা তেনগারা প্রদেশের গভর্নর এমানুয়েল মেলকিয়াদেস লাকা লেনা এক সংবাদ সম্মেলনে বলেন, ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিবিসি লিখেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন এবং আফটারশকে আটকে পড়া লোকজনকে উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ করছে। সুনামির সতর্কতা জারি করা হলেও ভূমিকম্পের ঘণ্টা তিনেক পর তা প্রত্যাহার করা হয়।
স্থানীয় সময় শনিবার ভোর ৫টার কিছু আগে ফ্লোরেস দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।
একই এলাকায় শক্তিশালী কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে একটি ছিল ৬.১ মাত্রার।
মাউমেরে বন্দরে ধারণ করা ভিডিওতে দেখা যায়, টার্মিনাল ভবনের বড় বড় কংক্রিটের অংশ ভেঙে ফেরিতে ওঠার জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের ওপর পড়ছে। জাহাজে ওঠার সিঁড়ি ভেঙে পড়লে কয়েকজন সাগরে ছিটকে পড়েন।
কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করার পর মোটরসাইকেলে করে অনেক মানুষকে উপকূল থেকে ভেতরের দিকে চলে যেতে দেখা যায়।
আরও পড়ুন










