ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

ইরানের অবশিষ্ট যা আছে সব ধ্বংসের হুমকি ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ১৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ইরান ইস্যুতে উত্তেজনা বাড়তে থাকায় কঠোর বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অবশিষ্ট যা আছে, তাও ধ্বংস করা হবে।

বুধবার (১৮ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

একই সঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল দেশগুলোকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি তার সাহায্যের আহ্বানে ‘সাড়া না দেওয়া’মিত্রদের কঠোর সমালোচনা করেছেন।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ইরান নামক ওই ‘সন্ত্রাসী রাষ্ট্রটির’ অবশিষ্ট যা কিছু আছে, তা যদি পুরোপুরি শেষ করে দেওয়া হয় তবে কী ঘটবে সেটি নিয়ে তিনি ভাবছেন। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এখন আর এই রুটটির ওপর নির্ভরশীল নয়। তাই যেসব দেশ এই প্রণালী ব্যবহার করে, তাদেরই এর নিরাপত্তার দায়ভার নেওয়া উচিত। ট্রাম্পের মতে, এমন কড়া পদক্ষেপ নিলে আমেরিকার যে সকল মিত্র দেশ এখন সাড়া দিচ্ছে না, তারা দ্রুত সক্রিয় হতে বাধ্য হবে।

উল্লেখ্য, ১ মার্চ থেকে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেল ও বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প শুধু তার মিত্র দেশগুলোকেই নয় বরং চীনকেও এই জলপথ পুনরায় সচল করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সূত্র: আলজাজিরা

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি