ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬

ইরানের সঙ্গে সংঘাত ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘খুব শিগগিরই’ শেষ হবে। তাঁর এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ দেখা গেছে। তবে একই সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত অবসানের বিষয়ে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

ওয়াশিংটন ডিসিতে এক বক্তব্যে ট্রাম্প ইরানের পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এটি খুব শিগগিরই শেষ হয়ে যাবে।’ তাঁর দাবি, ইরান বর্তমানে ‘খুব খারাপভাবে ব্যর্থ হচ্ছে’।

ট্রাম্প আবারও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি বলেন, সংঘাত শেষ হলে তেলের দামও আগের অবস্থায় ফিরে আসবে।

এর আগে ইরান সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সাত দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। পরে অবশ্য তিনি ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন।

এদিকে সংঘাত ও হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে তেলের বাজারে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক ওঠানামা চলছে। মঙ্গলবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৩২ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমেছে ২ দশমিক ১১ শতাংশ।

তবে তেলের দাম কমলেও বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চললেও সংঘাত দ্রুত শেষ হওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

সূত্র: আল জাজিরা 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি