ঢাকা, রবিবার   ০৩ মে ২০২৬

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি-পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ৩ মে ২০২৬ | আপডেট: ১৫:২৪, ৩ মে ২০২৬

Ekushey Television Ltd.

অনেক দেশ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। পাকিস্তানের বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা সংস্থা জানিয়েছে, আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। একইভাবে সৌদি আরবেও ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। 

সৌদির ক্যালেন্ডারে লেখা আছে, আগামী ১৬ মে সেখানে জিলকদের ২৯তম দিন হবে। আর ১৭ মে হবে জিলকদের ৩০তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হবে ২৭ এপ্রিল।

এদিকে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। দেশটির রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের তথ্যমতে, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাতে ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। 

আবহাওয়া অনুকূলে থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। যদি ১৭ মে চাঁদ দেখা যায়, তবে ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হবে এবং ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হবে বলে জানিয়েছে মুসলিম জীবন বিষয়ক শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেবে।

২০ এপ্রিল থেকে আগামী মে মাসের ১৭ তারিখ পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে ১৮ মে। সে হিসেবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৭ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এদিকে জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৮ মে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি