ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

এখনও উদ্ধার হয়নি কয়লা বোঝাই জাহাজ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ১ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

দুর্ঘটনার একদিন পরও মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজটিকে উদ্ধার করা হয়নি। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, আগামীকাল মঙ্গলবার (২ মার্চ) জাহাজটি উদ্ধার কার্যক্রম শুরু হবে। এজন্য বরিশাল থেকে একটি উদ্ধারকারী ক্রেন আনা হচ্ছে।

এদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মোংলার আহবায়ক নুর আলম শেখ বলেন, ‘ডুবো জাহাজ থেকে কয়লার বিষাক্ত পদার্থ নদীতে ছড়িয়ে পড়লে মাছের মারাত্নক ক্ষতি হবে। প্রতিবছরই পশুর নদীতে কয়লা, তেল ও সার নিয়ে জাহাজ ডুবছে, এসব ক্ষেত্রে কর্তৃপক্ষের আরও সাবধান হতে হবে।’

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাষ্টার ওসমান আলী জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রায় ৭শ’ মেট্রিক টন কয়লা নিয়ে কার্গো জাহাজ এমভি বিবি-১১৪৮ তলা ফেটে ডুবে যায়। রাত ১১টার দিকে পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় ওই জাহাজের মাষ্টারসহ ১২ জন নাবিক সাঁতরিয়ে নদীর কূলে উঠে। এদিন বিদেশী জাহাজ এমভি জসকো থেকে কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে কার্গো জাহাজটি।

এদিকে জাহাজটি উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে কার্গোটি পশুর মূল চ্যানেলের বাহিরে ডুবেছে বলে নৌযান চলাচল নিরাপদ রয়েছে বলে জানান বন্দরের হারবার মাষ্টার কমান্ডার ফখরউদ্দিন। 

তবে দুর্ঘটনার একদিন পার হলেও ডুবে যাওয়া কার্গোটির উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি বন্দর ও কার্গো জাহাজের মালিকরা। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি