ঢাকা, রবিবার   ০৪ অক্টোবর ২০২৬

এলপিজির পর এবার বাড়ল অটোগ্যাসের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির পর এবার যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (অটোগ্যাস) দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম প্রতি লিটারে প্রায় ১২ টাকা বৃদ্ধি করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি নতুন এই জ্বালানি মূল্য নির্ধারণ করে। সংশোধিত তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অটোগ্যাস কিনতে গ্রাহকদের গুনতে হবে ৮৪ টাকা ৬২ পয়সা, যা এতদিন ৭৩ টাকা ৯ পয়সা ছিল। 

একই দিনে গ্রাহক পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়। এর আগে সেপ্টেম্বর মাসে এই সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে রান্নার গ্যাস ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধির এই ঘোষণার মধ্যেই খুচরা বাজারে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও দাম নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রি কিংবা অবৈধভাবে সিলিন্ডার মজুত করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে বর্তমানে এলপিজির পর্যাপ্ত মজুত ও সন্তোষজনক সরবরাহ রয়েছে। গত আগস্টে ১ দশমিক ৫৮ লাখ টন এবং সেপ্টেম্বর মাসে ১ দশমিক ৫৬ লাখ টন এলপিজি দেশে আমদানি করা হয়েছে। ফলে চাহিদার তুলনায় বাজারে জোগান নিশ্চিত থাকায় কৃত্রিম সংকট তৈরি করার কোনো যৌক্তিক সুযোগ নেই।

এলওএবি আরও জানিয়েছে, সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এলপিজির বাজার পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলা প্রশাসকদের দেশজুড়ে কঠোর বাজার মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কোনো অপারেটর, ডিলার বা খুচরা বিক্রেতা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় করলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি