কর্মকর্তাকে ঘুষ দিতে এসে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক
প্রকাশিত : ২১:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
কুড়িগ্রাম জেলার কাদারী টাকা রৌমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করার জন্য ৭ লাখ টাকা ঘুষ দিতে এসে আটক হয়েছেন শিক্ষক মাইদুল ইসলাম।
সোমবার দুপুরে রংপুরের শিক্ষা কমপ্লেক্স দপ্তরে অবস্থিত মাধ্যমিক উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক দপ্তরে এ ঘটনা ঘটে।
মাধ্যমিক উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক রোকসানা বেগম জানান, সোমবার দুপুরে রৌমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম তার চেম্বারে দেখা করতে আসেন। তাকে আগমনের কারণ জানতে চাইলে তিনি মোবাইলে থাকা একটি ম্যাসেজ দেখিয়ে বলেন তার বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করার জন্য প্রয়াজনীয় অনুমতি করিয়ে দেবার জন্য তিনি ৭ লাখ নিয়ে এসেছেন তাকে দেবার জন্য।
এ সময় বার বার তার কাছে থাকা ব্যাগ দেখিয়ে বলছিলেন এখানে ৭ লাখ টাকা আছে। টাকা নিয়ে কাজটি করে দেবার অনুরোধ জানান তিনি।
এ সময় উপপরিচালক অফিসে থাকা কর্মচারীদের ডেকে এনে তাদের বলেন ৭ লাখ টাকা নিয়ে এসেছে আমাকে ঘুষ দেবার জন্য। এরপরেই কর্মচারীদের শিক্ষক মাইদুল ইসলামকে টাকার ব্যাগসহ আটক করে রাখতে বলেন তিনি।
বিষয়টি দুদক রংপুরের উপপরিচালক শাওন মিয়াকে জানালে তিনি ঘটনাস্থলে এসে কর্মচারীদের সহায়তায় ব্যাগ তল্লাশী করে ৭ লাখ টাকা উদ্ধার করে এবং দুদক শিক্ষক মাইদুল ইসলামকে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপপরিচালক শাওন মিয়া জানান, ঘুষের ৭ লাখ টাকাসহ আটক করা হয়েছে শিক্ষক মাইদুল ইসলামকে। তিনি ঘুষ দিতে আসার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










