ঢাকা, মঙ্গলবার   ০১ সেপ্টেম্বর ২০২৬

কিরগিজস্তানে ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ১ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেছেন চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তেহরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচির টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক তথ্যের বরাতে এ খবর জানা গেছে। 

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্মেলনস্থলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন দফায় কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির খবর আসার পরপরই এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলো। 

ওয়াশিংটনের উদ্দেশ্য, ইরানের ওপর ‘অর্থনৈতিক শ্বাসরোধকারী’ চাপ সৃষ্টি করা। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মুখে বেইজিং সাফ জানিয়ে দিয়েছে, ইরান তাদের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার এবং এ ক্ষেত্রে নিজেদের জাতীয় ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেবে চীন। 

এদিকে তেহরানকে বিশ্ব অর্থনীতি থেকে একঘরে করতে বিশ্বজুড়ে নিজেদের প্রচারণা জোরদার করেছে ওয়াশিংটন। বিভিন্ন দেশকে এ প্রচারণায় শরিক হতে আহ্বান জানানোর পাশাপাশি ‘সেকেন্ডারি স্যাংশন’ বা তৃতীয় পক্ষের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।অন্যদিকে মধ্যপ্রাচ্য ও সংশ্লিষ্ট অঞ্চলে যুক্তরাষ্ট্রের দেওয়া এই নিষেধাজ্ঞার নীতির তীব্র বিরোধিতা করেছে চীন।

বেইজিং স্পষ্ট করে বলেছে, এভাবে টানা ছয় মাস ধরে চলা এই সংঘাতের সমাধান করা সম্ভব নয়। ওয়াশিংটনের একপাক্ষিক নীতির বিপরীতে চীন অবিলম্বে টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পক্ষে নিজেদের শক্ত অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

সত্র: আল জাজিরা  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি