কুমিল্লায় বিশেষ অভিযানে কিশোর গ্যাং সন্দেহে আটক ৬২৪
প্রকাশিত : ১৪:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনক মোট ৬২৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে জেলাজুড়ে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে জেলার ১৮টি থানার পুলিশ একযোগে মাঠে নামে। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও প্রতিটি থানা এলাকার যেসব স্থানে কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অভিযান চলাকালে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে রাখা যায়, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধ বিবেচনা ও অতীত অপরাধের রেকর্ড অনুযায়ী আইনি প্রক্রিয়া চলমান।
এমএইচ
আরও পড়ুন










