ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

খুলনায় ভোটকেন্দ্রে জামায়াত নেতার ধাক্কায় বিএনপির নেতার মৃত্যুর অভিযোগ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

খুলনা-২ আসনের একটি ভোটকেন্দ্রে নির্বাচনি প্রচারণা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এই অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে খুলনা মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক মহিবুজ্জামান কচি (৫৫) মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণের শুরুর দিকে এই ঘটনা ঘটে। 

এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ভেতর ও বাইরে প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। 

মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক সামসুজ্জামান চঞ্চল অভিযোগ করেন, কেন্দ্রের ভেতর জামায়াত কর্মীদের নির্বাচনি প্রচারের প্রতিবাদ জানিয়েছিলেন মহিবুজ্জামান কচি। এ সময় দুই পক্ষের মধ্যে শুরু হওয়া ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান এবং হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ধাক্কাধাক্কির সময় ওই বিএনপি নেতা অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। 
চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা গেছেন। তবে তাঁর মাথায় কোনো আঘাত লেগেছিল কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এই মৃত্যুকে কেন্দ্র করে পরস্পরবিরোধী অভিযোগ পাওয়া গেছে। খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেছেন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এবং জামায়াত নেতার ধাক্কায় কচি নিহত হয়েছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 

অন্যদিকে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এই অভিযোগ অস্বীকার করে বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। তবে নির্বাচনি মতবিরোধ নিয়ে উত্তেজনার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং এতে জামায়াত কর্মীদের কোনো সংশ্লিষ্টতা নেই। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি