ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬

জুনে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ৭ মে ২০২৬ | আপডেট: ১৫:৪২, ৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বৃহস্পতিবার (৭ মে) দীর্ঘ প্রতীক্ষিত এই সফরের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরের শুরুতেই মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলবে তারা। মিরপুরে আগামী ৯, ১১ ও ১৪ জুন হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।

এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। আর শেষেরটি মাঠে গড়াবে দুপুর ২টায়।

বছরের শুরুতে বিসিবির পক্ষ থেকেও জানানো হয়েছিল, এই দুই সিরিজের সূচি। তবে তখন সূচিতে ছিল ভিন্নতা। অর্থাৎ দুই সিরিজের সূচিতেই এসেছে পরিবর্তন।

এদিকে বাংলাদেশ সফরে আসার ঠিক আগেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ শেষ করেই সরাসরি বাংলাদেশে পৌঁছাবে তারা।

ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবিলা করতে বাংলাদেশ দলও তাদের সেরা প্রস্তুতি নিতে শুরু করেছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি