ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬

জোরপূর্বক তেল নেওয়া কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের ওপর হামলা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৪২, ৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পেট্রোল পাম্পে জোরপূর্বক জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢেকিগাড়িয়া গ্রামের মাজেদ শেখের ছেলে মুরাদ শেখসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থিত সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। মুরাদ শেখ ও তার সহযোগীরা পাম্পের তেল পরিমাপ মেশিন থেকে জোরপূর্বক আগে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করে এবং এসময় সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সে সময় পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছিলেন এসআই শ্রীধাম চন্দ্র দাস, পুলিশ কনস্টেবল জুয়েলসহ অন্যান্য পুলিশ সদস্যরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অভিযুক্তরা পুলিশের ওপর হামলা চালায় এবং সরকারি কাজে বাধা প্রদান করে। হামলার সময় কনস্টেবল জুয়েলকে মারধর করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত রাজবাড়ী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ভিডিও ধারণ এবং পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করা হয়।

রাজবাড়ী থানার ওসি জানান, এ ঘটনায় এসআই শ্রীধাম চন্দ্র দাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে প্রধান আসামি মুরাদ শেখসহ অন্যরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি