জ্যেষ্ঠদের সম্মান জানিয়ে মঞ্চের এক পাশে বসলেন এমপি শিমুল বিশ্বাস
প্রকাশিত : ১৯:৫২, ১ অক্টোবর ২০২৬
পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সৌজন্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। পাবনা প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত জ্যেষ্ঠ গুণীজন ও শিক্ষকদের প্রতি সম্মান দেখিয়ে তিনি নিজে মূল আসনের পরিবর্তে মঞ্চের এক পাশে গিয়ে বসেন। তার এই আচরণ অনুষ্ঠানস্থলে উপস্থিত সবার নজর কেড়েছে এবং প্রশংসা কুড়িয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) পাবনা প্রেস ক্লাবে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সংসদ সদস্য শিমুল বিশ্বাস। অনুষ্ঠানটিতে শিক্ষাবিদ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় মঞ্চে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাহাতাব উদ্দিন বিশ্বাস, শিক্ষাবিদ অধ্যাপক শিবজিৎ নাগ, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা এবং ব্যবসায়ী রানা বিশ্বাসসহ আরও অনেকে। এ ছাড়া জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফও তাদের নির্ধারিত আসনে উপস্থিত ছিলেন।
মঞ্চে আরোহণের পর সংসদ সদস্য শিমুল বিশ্বাস লক্ষ্য করেন যে, সেখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের অনেকেই বয়স, অভিজ্ঞতা এবং জ্ঞানের দিক থেকে তার চেয়ে জ্যেষ্ঠ, যাদের মধ্যে তার শিক্ষকও রয়েছেন। পদ ও ক্ষমতার চেয়ে গুরুজনদের মর্যাদাকে প্রাধান্য দিয়ে তিনি তখন মঞ্চের মাঝখানের মূল আসন ছেড়ে দিয়ে এক পাশে গিয়ে চেয়ার টেনে বসেন।
সংসদ সদস্যের এমন বিনম্র আচরণ অনুষ্ঠানে উপস্থিত সুধীজনদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। আমন্ত্রিত অতিথিরা মন্তব্য করেন, পদ-পদবি বা ক্ষমতার ঊর্ধ্বে উঠে জ্যেষ্ঠ, শিক্ষক ও গুণীজনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এই সংস্কৃতিই একটি মানবিক সমাজের মূল ভিত্তি। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজনে এমপি শিমুল বিশ্বাসের সামাজিক শিষ্টাচার উপস্থিত সবার কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এমএইচ
আরও পড়ুন










