ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গোলাম মোস্তফা ওরফে টেংগর (৫৮) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরইকুড়ি গ্রামে স্থানীয় 'পট গ্রুপ' এবং 'আজা মেম্বর গ্রুপ'-এর লোকজনের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা চরইকুড়ি গ্রামের মৃত দৈয়ব মন্ডলের ছেলে এবং পটল গ্রুপের প্রধান পটলের ভাই বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে পুরো এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন আজা মেম্বরের পক্ষের লোকজন গোলাম মোস্তফাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই সংঘর্ষে উভয় পক্ষের যে ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে পটল (৭০), শুভ (৩৬), শাহ জামাল (৪০), আজা মেম্বর (৬০) ও বুলবুলসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি