ঢাকা, বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬

নিরাপত্তা শঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে গেল যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২০, ১২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নিরাপত্তার শঙ্কায় কাতারে অনুষ্ঠিতব্য ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতি এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

রয়টার্সের হাতে আসা খেলোয়াড়দের পাঠানো এক চিঠিতে জানানো হয়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে প্রাক্‌-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে। চিঠিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়।

আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ৪৮ দলের এই প্রতিযোগিতায় ‘জে’ গ্রুপে ছিল যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি। আগামী ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করার কথা ছিল দলটির।

গত মাসে কাতার ভ্রমণের বিষয়ে সতর্কতা হালনাগাদ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সশস্ত্র সংঘাতের ঝুঁকি বিবেচনায় মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুতিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের ক্লাবগুলোকে সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত খেলোয়াড়দের প্রকাশ্যে মন্তব্য না করার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে, বিষয়টি নিয়ে ফিফার কাছে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরও কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সে আসরে শেষ ৩২ পর্যন্ত পৌঁছেছিল যুক্তরাষ্ট্র। ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজন করবে কাতার।

ঐ.মিষ্টি //


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি