ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬

পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া: জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ১৫ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র উৎপাদনের সক্ষমতা ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি’ করছে বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।

সিউল থেকে এএফপি জানায়, বুধবার (১৫ এপ্রিল) সিউল সফরকালে তিনি এ কথা বলেন। 

কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন দেশটি একাধিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে, যা পারমাণবিক ওয়ারহেড তৈরির গুরুত্বপূর্ণ ধাপ। এর মধ্যে রয়েছে ইয়ংবিয়ন পারমাণবিক কেন্দ্র, যা আলোচনার পর বন্ধ ঘোষণা করা হলেও ২০২১ সালে আবার চালু করা হয়।

গ্রোসি বলেন, ‘আমাদের নিয়মিত মূল্যায়নে আমরা ইয়ংবিয়ন রিঅ্যাক্টরের কার্যক্রম দ্রুত বাড়তে দেখেছি।’

তিনি জানান, পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইউনিট ও লাইট-ওয়াটার রিঅ্যাক্টরের কার্যক্রমও বেড়েছে, পাশাপাশি নতুন স্থাপনাও সক্রিয় হয়েছে।

তার ভাষায়, ‘এসবই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উৎপাদন সক্ষমতায় গুরুতর বৃদ্ধি নির্দেশ করে, যা কয়েক ডজন ওয়ারহেড পর্যন্ত হতে পারে।’

উত্তর কোরিয়া ২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এবং নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

দেশটি ঘোষণা করেছে, তারা কখনোই তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না এবং ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে।

গ্রোসি আরও জানান, ইয়ংবিয়নের মতো একটি নতুন স্থাপনা নির্মাণের প্রমাণও পাওয়া গেছে। তবে সরাসরি পরিদর্শন ছাড়া উৎপাদন বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করা কঠিন।

তিনি বলেন, ‘স্থাপনার বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আমরা মনে করি, সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।’

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইয়ংবিয়নে একটি নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, যা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট হতে পারে।

রাশিয়া উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করছে কি না- এ প্রশ্নে গ্রোসি বলেন, এ বিষয়ে ‘নির্দিষ্ট কোনো প্রমাণ’ এখনো পাওয়া যায়নি।

তিনি আশা প্রকাশ করেন, যদি কোনো সহযোগিতা থেকে থাকে, তা যেন বেসামরিক পর্যায়ের হয়, তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা সময়সাপেক্ষ।

উল্লেখ্য, উত্তর কোরিয়া রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে সহায়তা হিসেবে সেনা ও গোলাবারুদ পাঠিয়েছে বলে ধারণা করা হয়, যার বিনিময়ে তারা সামরিক প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

গ্রোসি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে বৈঠকে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি আইএইএর অন্যতম প্রধান উদ্বেগের বিষয়।

চো বলেন, সিউল উত্তর কোরিয়ার সঙ্গে শত্রুতা কমিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও যৌথ উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।

এদিকে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের শীর্ষ নৌবাহিনী কর্মকর্তারা সিউলে বৈঠক করেছেন, যেখানে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি