ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬

পশুর চ্যানেলে শুল্ক এলাকার বাইরে পণ্য খালাস 

আবুল হাসান, মোংলা

প্রকাশিত : ২২:১২, ২১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মোংলা বন্দরের পশুর চ্যানেলে শুল্ক এলাকার বাইরে পণ্য খালাস নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। একই সাথে পণ্যবাহী ‘এমভি এনা ড্রাগন’ এই জাহাজটির ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। ঝুঁকিপূর্ণ এই জাহজটি মোংলা বন্দরে প্রবেশের জন্য এরই মধ্যে নিষেধাজ্ঞাও জারি করেছে কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, দূর্ঘটনা এড়াতে বন্দরের পশুর চ্যানেলে ফের এই ধরনের ঝুঁকিপূর্ন জাহাজ না আনার জন্য সংশ্লিস্ট শিপিং এজেন্টকে চিঠি দেওয়া হয়েছে। 

চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মের্সাস এটলাস শিপিং এজেন্টের খুলনা এরিয়ার ম্যানেজার মোঃ রাসেল বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে ‘এমভি এনা ড্রাগন’ জাহাজটির ব্যপারে অনেক অভিযোগ আছে বলে তারা জানান। 

ম্যানেজার মো. রাসেল আরও বলেন, প্রয়োজন হলে এই জাহাজে করে আর কোন পণ্য বন্দরে আনব না। গত ১১ ডিসেম্বর নয় হাজার মেট্রিক টন পাথর নিয়ে ভারত থেকে মোংলা বন্দরের পশুর চ্যানেলে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নোঙ্গর করে ‘এমভি এনা ড্রাগন’। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ পণ্য খালাস করা হতে পারে বলে রাসেল জানান।

ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় সিঙ্গাপুর পতাকাবাহী ওই জাহাজটি থেকে পণ্য খালাস করে বন্দর ত্যাগে আপত্তি জানিয়েছে নৌ বাণ্যিজ্য অধিদপ্তর। খুলনাস্থ এই বিভাগের সহকারী পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, রোববার (২২ ডিসেম্বর) ঢাকা থেকে তাদের উর্ধ্বতন কর্মকর্তারা এসে জাহাজটি সার্ভে না করা পর্যন্ত এটি এ বন্দর ত্যাগ করতে পারবেনা বলে তিনি জানান।  

মোংলা বন্দর কর্তৃপক্ষের সুত্র জানায়, গত দুই বছর ধরে বন্দরের বিভিন্ন পণ্য নিয়ে আসছে ‘এমভি এনা ড্রাগন’। কিন্তু চলতি বছরের শুরু থেকে জাহাজটি একাধিক দূর্ঘনা ঘটাচ্ছে। এর মধ্যে চার দফায় জাহাজের বয়া ও নোঙ্গরের আঘাতে একাধিক জাহাজ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ কারনে মোংলা বন্দর কর্তৃপক্ষ এই জাহাজের পূর্বের শিপিং এজেন্ট ‘জিসি শিপিংয়ের’ কর্মকর্তাদের এই জাহাজ না আনার জন্য সতর্ক করে দেয়। 

এ ব্যাপারে জিসি শিপিংয়ের প্রতিনিধি এস এম জহির আলম বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ জাহাজটি না আনার বিষয়ে আমাদের অবহিত করেছে। বন্দর জেটি ও চ্যানেলে দূর্ঘটনার আশংকা থাকায় আমরা জাহাজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দিয়েছি। 

এদিকে পশুর চ্যানেলে যে এলাকাটিতে পাথর নিয়ে ‘এমভি এনা ড্রাগন’ ভিড়েছে সে এলাকাটি কাস্টমসের শুল্ক এলাকা না বলে একাধিক বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন। মের্সাস নুরু এন্ড সন্সের মালিক হোসাইন মোহাম্মাদ দুলাল জানান, কাস্টম কর্তৃপক্ষের গাফিলতির কারনেই শুল্ক এলাকার বাইরে পণ্য খালাস করছে পণ্য আমদানিকারকরা। 

এ ব্যাপারে ‘এমভি এনা ড্রাগন’ জাহাজের প্রিভেন্টিভ অফিসার (পিও) রাবিদা রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ‘এমভি এনা ড্রাগন’ পশুর চ্যানেলের যেখানে পণ্য খালাস করবে সেটা আমাদের শুল্ক এলাকা কিনা আমি নিশ্চিত নয়, তবে কেন পণ্য খালাসে অনুমতি দিলেন জানতে চাইলে-কাস্টমসের এই কর্মকর্তা বলেন, আমাদের কর্তৃপক্ষ বলেছে তাই পণ্য খালাসের অনুমতি দিয়েছি।
 
কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি