ঢাকা, বৃহস্পতিবার   ২৭ আগস্ট ২০২৬

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫শিশু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:১৩, ২৬ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়ে নিহত হয়েছে ১৫ জন নবজাতক শিশু।

বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটে আগুন লাগে গায়নোকোলজি ওয়ার্ডে। এই ওয়ার্ডটি হাসপাতাল ভবনের চতুর্থ তলা অবস্থিত।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এবং ডনের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে মোট ১৬ জন শিশু ছিল। তাদের মধ্যে মাত্র এক জনকে জীবিত অবস্থায় রক্ষা করা সম্ভব হয়েছে। সেটি পাকিস্তানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক গবেষণাকেন্দ্র পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিমস) আওতাভুক্ত একটি হাসপাতাল।

ইসলামাবাদ পুলিশ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যে কক্ষে নবজাতকদের রাখা হয়েছিল, সেটির এসি বিস্ফোরণ থেকে সূত্রপাত ঘটে আগুনের। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে ১৫ জন নবজাতক।

হাসপাতলের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার পর কয়েক জন চিকিৎসক সেই কক্ষে ছুটে গিয়েছিলেন এবং তারা মাত্র একজন শিশুকে উদ্ধার করতে পেরেছেন। আগুনের তেজের কারণে বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ইসলামাবাদ পুলিশ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সূত্র : জিও নিউজ, ডন


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি