ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬

প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ১২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

গত রোববার দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১২ মার্চ) তাঁর রেকর্ড করা ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। 

ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন। তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন। অন্যথায় এসব ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হবে বলে আলটিমেটাম দিয়েছেন তিনি।

মোজতবা খামেনি তাঁর বিবৃতিতে বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখতে বিশ্বাসী। তবে প্রতিবেশী দেশগুলোতে অবস্থান করা মার্কিন সামরিক উপস্থিতি তেহরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন ঘাঁটিগুলো বন্ধ না করা পর্যন্ত এসব লক্ষ্যবস্তুতে ইরানের হামলা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। হামলার প্রথম দিনেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তাঁর মৃত্যুর পর গত ৮ মার্চ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম নীতি-নির্ধারণী বক্তব্য।

বিশ্লেষকরা মনে করছেন, মোজতবা খামেনির এই সরাসরি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ করে তুলতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক উপস্থিতির নিরাপত্তা এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়ল।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি