ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ২৫ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

প্যারিসে বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব ও ফ্রান্স ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অধিকারকে ক্ষুণ্ণ করার যেকোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। তারা ইসরায়েলের বসতি স্থাপন নীতি এবং দখলদারদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলেছে যে, এসব কর্মকাণ্ড ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ (two-state solution)-এর জন্য হুমকি সৃষ্টি করছে।

তারা গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পরিবেশ তৈরি এবং জরুরি ভিত্তিতে নিরাপদ ও অবাধে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।

তারা হামাসের নিরস্ত্রীকরণ বিষয়ক চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং এর বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে তারা ‘নিউ ইয়র্ক ঘোষণা’-র প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার ও প্রেসিডেন্ট ও আইনসভার নির্বাচনের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে।

এ বিষয়ে আরও বলা হয়েছে, লেবাননের বিষয়ে, সৌদি আরব ও ফ্রান্স একটি চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে প্রচেষ্টা জোরদার করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার বিষয়ে একমত হয়েছে।

এছাড়া তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং লেবানন থেকে ইসরায়েলের সরে আসার আহ্বান জানিয়েছে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি